দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় ভাঙারির দোকান থেকে সরকারি মালামাল উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মে) দৌলতদিয়ায় একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে ভূমি অফিসের চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে হালিম নামে একজনকে আটক করা হয়েছে।
এর আগে সকালে দৌলতদিয়া ভূমি অফিসের কর্মীরা অফিসে এসে দরজা ভাঙা, জানালার গ্রিল ক্ষতিগ্রস্ত এবং বৈদ্যুতিক তার কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
গোয়ালন্দ থানা পুলিশ জানায়, চুরির ঘটনার পরপরই বিভিন্ন ভাঙারির দোকানে তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়। একই অভিযানে পাশের একটি বাসা থেকেও চুরি হওয়া একটি মোটর উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে ছিল মোটর, ফ্যান, পাইপ, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার যন্ত্রাংশ, দরজা-জানালার গ্রিল, টিউবওয়েল, সাইকেল ও রিকশার যন্ত্রাংশসহ বিভিন্ন ধাতব সামগ্রী।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভাঙারির দোকানে সাধারণত পুরোনো লোহালক্কড় থাকার কথা থাকলেও সেখানে মূল্যবান বিভিন্ন সরকারি সরঞ্জাম পাওয়া গেছে, যা সন্দেহজনক।
তিনি জানান, ভূমি অফিস থেকে হারিয়ে যাওয়া ১১টি মালামালের মধ্যে ৯টি উদ্ধার করা হয়েছে। বাকি দুটি, বিশেষ করে একটি কম্পিউটার, উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে দোকান সিলগালা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
জে আই